নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে:-
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি যুবক মো. সাইফুল (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এ ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে
বিজিবি সূত্রে নিশ্চিত হয়ে জানা যায়,
বাংলাদেশ-মিয়ানমার শূন্যলাইন থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটে। এতে সীমান্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক মো. সাইফুল গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মো. সাইফুল দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার সাবের আহমেদের ছেলে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে নজরদারি অব্যাহত রয়েছে।
এদিকে, ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
আপনার মতামত লিখুন :