নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে সিএনজি ও কারেন্ট জালসহ আটক-৪
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৬২ পিস বার্মিজ কারেন্ট জালসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার বাইশফাঁড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন-নাইক্ষ্যংছড়ির তুমব্রু উত্তরপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২২), কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পশ্চিমপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৩), এফডিএমএন ক্যাম্প-৮-এর আব্দুল আমিন (৩০) এবং এফডিএমএন ক্যাম্প-১১-এর মো. সলিম (৩৩)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির একটি টহল দল টিভি টাওয়ার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬২ পিস বার্মিজ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে এসব জাল পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে সীমান্ত দিয়ে পণ্য আনা-নেওয়া বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের চোরাচালান কিংবা অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের উদ্ধার করা বার্মিজ কারেন্ট জাল ও জব্দ করা সিএনজি অটোরিকশাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :