লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় উৎসবমুখর পরিবেশে লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় লামা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সমিতির প্রায় চার হাজার নারী-পুরুষ সদস্য অংশ নেন।
মৌচাকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান আব্দুর শুক্কুর। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং মৌচাকের শরিয়াহ কমিটির সভাপতি আ.ক.ম. আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী, কালবের সাবেক পরিচালক ডা. নোয়েল চার্লস গোমেজ, মো. আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ ও মো. শফিউল আলম এবং কালবের সাবেক উপমহাব্যবস্থাপক ও ইনোভা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ আলম।
এ ছাড়া মৌচাকের সাবেক সভাপতি ও শরিয়াহ বোর্ডের সদস্য মোহাম্মদ ইয়াহিয়া, শরিয়াহ বোর্ডের সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় সমিতির বিগত সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব, লভ্যাংশ বণ্টন প্রস্তাব, সম্পূরক বাজেট এবং ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
সমিতি সূত্রে জানা যায়, ১৯৯২ সালের ১ জুলাই মাত্র ১২ জন সদস্য নিয়ে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের যাত্রা শুরু হয়। বর্তমানে সাধারণ ও শিশু সদস্য মিলিয়ে এর সদস্যসংখ্যা প্রায় ১৪ হাজার। প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন প্রায় ৭৯ কোটি টাকা বলে জানানো হয়েছে। সভায় মৌচাক এগ্রো সার্ভিস ও পরিবহন ব্যবসায় বিনিয়োগসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো. আবদুর রহিম ও গোলাম সরোয়ার। নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদ আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে বিদায়ী ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া র্যাফেল ড্রতে ১৫৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে মৌচাকের প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন বলেন, ‘টেকসই ক্রেডিট ইউনিয়ন’ গড়ে তোলা এবং সদস্যদের জীবনমান উন্নয়নে গুণগত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মৌচাকের যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠানের বর্তমান সাফল্যের পেছনে সাধারণ সদস্য, পরিচালনা পরিষদ এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত অবদান রয়েছে। ভবিষ্যতে নতুন নতুন উদ্যোগের মাধ্যমে মৌচাক আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :