রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজমকে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও করতালির মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা বলেন, জেলা পরিষদের সদস্য হওয়ার অনেক আগে থেকেই দীর্ঘ এক যুগ ধরে রাঙ্গামাটির সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।
পাহাড়ধস, অগ্নিকাণ্ড, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গম এলাকায় ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে হাবীব আজমের। খাদ্যসামগ্রী, জরুরি ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তিনি ভূমিকা রেখেছেন।
বক্তারা বলেন, পাহাড়ি-বাঙালি অধ্যুষিত রাঙ্গামাটিতে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতেও হাবীব আজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মানুষের পরিচয়ের আগে মানুষ—এই মানবিক চিন্তাকে সামনে রেখে তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন।
বিদায় সংবর্ধনায় আম জনতা দল রাঙ্গামাটি জেলা শাখা, সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন, হিলফুল ফুজুল যুব সংগঠন, গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাব, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্পোর্টিং ক্লাব, হিল সার্ভিস সংগঠন, পার্বত্য ছাত্র সংগঠনসহ বিভিন্ন সামাজিক, মানবিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্র-জনতার পক্ষ থেকে হাবীব আজমকে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে জনসেবায় দেখতে চাওয়া হয়। প্রয়োজনে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন অথবা ২৯৯ নং রাঙ্গামাটি আসনে সংসদ সদস্য পদে নির্বাচনের মাধ্যমে বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
সবশেষে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনার মধ্য দিয়ে হাবীব আজমকে বিদায় জানানো হয়। বক্তারা বলেন, প্রশাসনিক দায়িত্বের মেয়াদ শেষ হলেও মানুষের জন্য কাজ করার মানসিকতা ও ভালোবাসার কোনো শেষ নেই।
আপনার মতামত লিখুন :