গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ


FavIcon
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728


আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলার ঘটনায় এজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় ঢাকা ব্যাংকের সামনে আহত সাংবাদিকের পরিবার ও গাছা থানা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গাছা থানা প্রেসক্লাবসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের শতাধিক সংবাদকর্মী সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ আগস্ট ডেগেরচালা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করতে গেলে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ও গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরীফ ওমর টুটুলের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়।
এ ঘটনায় গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। তবে মানববন্ধনে অভিযোগ করা হয়, মামলার এজাহারনামীয় প্রধান আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি।
এদিকে হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো ছবি ব্যবহার করে সাংবাদিক শরীফ ওমর টুটুলের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
ভুক্তভোগী সাংবাদিক শরীফ ওমর টুটুল বলেন, আসামিরা তাকে টাকা দিয়ে ম্যানেজ করার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি প্রায় ছয় বছর আগের একটি বিচারাধীন মামলার পুরনো ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এসব প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
টুটুলের ছোট ভাই শাহরুখ খৈয়াম মুন্না বলেন, তার ভাই এখনো চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করে পোস্ট দেওয়ার মাধ্যমে পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। তিনি হামলা ও সাইবার অপপ্রচারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা দাবি করেন।
মানববন্ধনে সমাপনী বক্তব্যে গাছা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া বলেন, হামলার ঘটনায় ভিডিও ফুটেজ ও নির্দিষ্ট তথ্য থাকার পরও যদি আসামিরা গ্রেপ্তার না হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যেতে পারে, তাহলে বিষয়টি উদ্বেগজনক। তিনি দ্রুত এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজকে আরও কঠোর কর্মসূচি দিতে হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাসন থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা রিপোর্টার্স ক্লাবের সাইফুল আলম চৌধুরী, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আশিকুর রহমান, সাংবাদিক নাহিদ সরকার, মো. জাকির আলী, মোসা. রত্না বেগম, বাসন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার ও সাংবাদিক সজিবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় গাছা থানা প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, কোষাধ্যক্ষ সাবরিনা জাহান, সদস্য এমদাদুল হক, মাইনুল ইসলাম, মুন্নাসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে সাংবাদিকরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর প্রচারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।